জয়নগরে গোপাল মুখোপাধ্যায় স্মরণ দিবস পালন করল হিন্দু মিলন সংঘ

১৭ আগস্ট, ২০২৬: গতকাল ১৬ আগস্ট দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের শিবনাথ শাস্ত্রী সদনে (টাউন হল) হিন্দু মিলন সংঘের উদ্যোগে ১৯৪৬এর গ্রেট ক্যালকাটা কিলিং ও গোপাল মুখোপাধ্যায় স্মরণ দিবস পালিত হল। অনুষ্ঠানে প্রায় ৮০০ জন উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে পূজ্যপাদ স্বামী আধ্যাত্মানন্দ মহারাজ, কাকদ্বীপ, ভারত সেবাশ্রম সংঘ; বিশ্ব হিন্দু বার্তার সহ-সম্পাদক শ্রী সৌগত বসু সহ অন্যান্য গুণিজনরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। ভারতমাতা, গোপালচন্দ্র মুখোপাধ্যায় ও হিন্দু মিলন সংঘের আদর্শ তপন কুমার ঘোষের প্রতিকৃতিতে অনুষ্ঠানে আগত অতিথিরা মাল্যদান করেন। এরপরে প্রেক্ষাগৃহের বাইরে থাকা শিবনাথ শাস্ত্রীর মর্মর মূর্তিতে মাল্যদান করা হয়।

শুরুতে বিশ্ব হিন্দু বার্তার সহ-সম্পাদক শ্রী সৌগত বসু তাঁর ওজস্বী বক্তব্যে সভায় আগত মানুষদের ডাইরেক্ট অ্যাকশন ডে নিয়ে সচেতন করেন। সচেতন না হলে সেই দিন যে আবারও ফিরে আসতে পারে, তা তিনি মনে করিয়ে দেন। এরপরে ভারত সেবাশ্রম সংঘ কাকদ্বীপ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী আধ্যাত্মানন্দ মহারাজ তাঁর ওজস্বী বক্তব্যে সবাইকে উজ্জীবিত করেন।

শেষে হিন্দু মিলন সংঘের সভাপতি শ্রী রাজকুমার সরদার মহাশয় তাঁর হৃদয়গ্রাহী বক্তব্যে সবাইকে সংগঠিত ও সচেতন হতে আহ্বান জানান। এইভাবে সভার কাজ শেষ হয়। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডায়মন্ড হারবার কোর্টের অ্যাডভোকেট শ্রী তপন কুমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *